
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র-উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ মামুন আল রশীদ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো: আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো: ওবায়দুল ইসলামের ছাত্র-উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের মেয়াদ ২৭ সেপ্টেম্বর শেষ হওয়ায় তার স্থলে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদকে নিয়োগ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান তাকে এ পদে নিয়োগ দেন।
আদেশ অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর থেকে পরবর্তী এক বছরের জন্য তিনি ছাত্র-উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। এ দায়িত্ব পালনের জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।
এ বিষয়ে নবনিযুক্ত ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ মামুন আল রশীদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা হিসেবে আমাকে দায়িত্ব দেয়া হয়েছে। শিক্ষার্থীদের সাথে সরাসরি যোগাযোগ রেখে তাদের প্রয়োজন ও সমস্যাগুলো জানার চেষ্টা করব। তারা প্রয়োজনের সময় যেন ছাত্র-উপদেষ্টাকে পাশে পান, সে বিষয়ে গুরুত্ব দেব। বিশেষ করে অস্বচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতার জন্য একটি ফান্ড গঠনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রতিটি বিভাগে স্টুডেন্ট কাউন্সিল গঠনের উদ্যোগ নেয়া হবে, যাতে শিক্ষার্থীরা বিভাগীয় পর্যায়েই তাদের বিভিন্ন প্রয়োজন ও সমস্যার কথা জানাতে পারেন। এতে বিভাগের শিক্ষকদের মাধ্যমেও শিক্ষার্থীদের বিষয়গুলো জানা এবং সমাধানে কাজ করা সহজ হবে। এসব উদ্যোগ বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা নিয়ে শিক্ষার্থীদের কল্যাণে এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করতে চাই।’
এদিকে, একই আদেশে দীর্ঘদিন একাগ্র নিষ্ঠা ও আন্তরিকতার সাথে ছাত্র-উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করায় অধ্যাপক ড. মো: ওবায়দুল ইসলামকে ধন্যবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।








