
মাদক সেবনে বাধা দেয়ার অভিযোগে নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের কদমতলা গ্রামে কৃষক মানসুর মোল্যাকে (৪৫) কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত যুবক হাসিব মোল্যা (২০) থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে কালিয়া থানায় গিয়ে তিনি আত্মসমর্পণ করেন। কালিয়া থানার ওসি ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত হাসিব কদমতলা গ্রামের লিপটন মোল্যার ছেলে।
ওসি জানান, হাসিব থানায় আত্মসমর্পণ করেছেন। তবে সোমবার দুপুর পর্যন্ত মামলা হয়নি। জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।
এদিকে ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয়রা জানায়, মাদক সেবনে বাধা দেয়ায় গত শুক্রবার নড়াইলের পেড়লী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাসেদ মোল্যার সাথে তার বংশীয় হাসিবের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে অভিযুক্ত হাসিব ইউপি সদস্য কাসেদকে কিল-ঘুষি মারেন।
এরপর শনিবার রাত ১০টার দিকে হাসিব কদততলা ত্রি-মোহনার মোড়ের দোকানে যান। এ সময় ভুক্তভোগী কাসেদের চাচাতো ভাই মানসুর ও নূর ইসলাম অভিযুক্ত হাসিবের কাছে কাসেদের গায়ে হাতর তোলার বিষয়ে জানতে চান। এ সময় হাসিব হঠাৎ করেই ধারালো অস্ত্র বের করে মানসুর ও নূরকে কোপাতে শুরু করেন। এর মধ্যে গুরুতর আহত মানসুরকে খুলনায় নেয়ার পথে জামরিলডাঙ্গা ফুটবল মাঠের কাছে গেলে তার মৃত্যু হয়। আহত নূরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যাপারে ইউপি সদস্য কাসেদ বলেন, ‘হাসিব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তাকে মাদক সেবন করতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে আমাকে লাঞ্ছিত করে। এরপর ছুরিকাঘাতে মানসুর ও নূর ইসলামকে কুপিয়ে হতাহতের ঘটনা ঘটিয়েছে। অভিযুক্ত হাসিবের সাথে আমাদের কোনো পূর্ববিরোধ ছিল না।’








