বিজিবি, গরু, মদ, জব্দ, অভিযান
বিজিবির অভিযানে জব্দ ভারতীয় গরু ও মদ। নয়া দিগন্ত

হবিগঞ্জে সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে নয়টি ভারতীয় গরু ও ৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) এর সত্যতা নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান।

বিজিবি সূত্র জানায়, রোববার বিকেলে ৫৫ বিজিবির চিমটিবিল বিওপির টহলদল চুনারুঘাট উপজেলার আমু চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় নয়টি ভারতীয় গরু জব্দ করে। এসব গরুর আনুমানিক মূল্য ছয় লাখ ৩০ হাজার টাকা।

এর আগে শনিবার কালেঙ্গা ও তেলিয়াপাড়া বিওপির টহলদল চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সীমান্তবর্তী কৃষ্ণছড়া ১৭ নম্বর চা-বাগান ও বনগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করে। এসব মদের আনুমানিক মূল্য ৯৯ হাজার টাকা।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর জানান, জব্দ ভারতীয় গরু ও মদ বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে। সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।