রায়পুর থানা
রায়পুর থানা। নয়া দিগন্ত

লক্ষ্মীপুরের রায়পুরে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৪ জনকে আটক করেছে পুলিশ। 

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া ৪৪ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, কিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। কিশোর গ্যাংয়ের সদস্যদের আনাগোনা বেশি—এমন স্থানগুলোতে বিশেষ নজরদারি চালায় পুলিশ।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবু তারেকের নির্দেশনায় পুলিশ এ অভিযান পরিচালনা করে। অভিযানে আটকদের মধ্যে কারো অপরাধে সম্পৃক্ততা রয়েছে কিনা, তা যাচাই-বাছাই করা হচ্ছে।

ওসি নিজাম বলেন, ‘আটকদের বিষয়ে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’