
কক্সবাজারের চকরিয়ায় ছাত্রদল নেতা ইসফাতুল ইসলাম জিসানকে (২৪) অপহরণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। অপহরণের চার ঘণ্টা পর এই লাশ উদ্ধার করা হয়।
জিসান কাকরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লোটনী এলাকার নাজেম উদ্দিনের ছেলে। এবং ওই ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ছিলেন।
পরিবারের অভিযোগ জিসানকে রাস্তা থেকে অপহরণ করে তুলে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। এর আগে রোববার রাত সাড় ১১টার দিকে এই অপহরণের ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে কাকারা মাঝের স্টেশনের এক দোকানের সামনে অবস্থান করছিলেন জিসান। এ সময় হঠাৎ একটি সাদা রঙের মাইক্রোবাসে এসে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে যায়। পরিবারের অভিযোগ, অপহরণের পর জিসানকে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকার ‘কবির টাওয়ারে’ নিয়ে যাওয়া হয়। সেখানে তার ওপর নির্যাতন চালিয়ে হত্যার পর লাশ মহাসড়কের পাশে ফেলে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার অপারেশন অফিসার ইসমাইল হোসেন জানান, জিসানের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তার গলায় ও কপালে আঘাতের চিহ্ন দেখা গেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।








