সুন্দরবন
সুন্দরবন। ফাইল ছবি

পূর্ব সুন্দরবনের পৃথক স্থান থেকে বনদস্যুরা আবারো একটি ট্রলারসহ ১৫ জেলেকে অপহরণ করেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে সুন্দরবনের ভাঙ্গা, আমবাড়ীয়া ও নারিকেলবাড়ীয়া এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে।

এ নিয়ে গত দুই দিনে ২১ জেলেকে অপহরণ করার ঘটনায় জেলে ও মহাজনদের মাঝে আতঙ্ক ও হতাশা দেখা দিয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের জেলেপল্লী দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মিল্টন রায় রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মোবাইলফোনে বলেন, শনিবার দিবাগত গভীর রাতে সাগর সংলগ্ন সুন্দরবনের ভাঙ্গা, আমবাড়ীয়া ও নারিকেলবাড়ীয়া এলাকায় মাছ ধরারত জেলেদের বহরে অজ্ঞাত পরিচয় বনদস্যুরা  হামলা করে। এ সময় প্রতি নৌকা থেকে একজন করে ১৫ জেলেকে তুলে জেলেদের একটি ট্রলারে উঠিয়ে নিয়ে যায়। এর মধ্যে ১০ জেলের নাম জানা গেছে।

অপহৃত ১০ জেলে হলেন— খুলনার আরিফ (২৫), সগীর (৩৪), মিঠু (৩০), ফেরদাউস (২৮), বরগুনার পাথরঘাটা ও তালতলীর ইব্রাহিম (৩৫), ইমরান (২৫), মোস্তাফিজুর (৩৫), আলামিন (২৮), হানিফ (৩৮) ও মারুফ (৪৯)। এ সকল জেলে বন বিভাগের পাস নিয়ে চরপাটা, পোকা জাল ও বড়শি দিয়ে সুন্দরবনের খালে মাছ ধরছিল।

অপরদিকে, মোংলা থেকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জেলে মহাজন মোবাইলফোনে জানান, শনিবার দিবাগত গভীর রাতে বনদস্যু করিম-শরীফ বাহিনী সুন্দরবনের ঝাপসি এলাকার ভদ্রা নদী থেকে দুই জেলেকে অপহরণ করেছে। অপহৃত দুই জেলে হলেন— মোংলার উলুকাটা চিলা এলাকার মাসুদ ইজারদার (২৮) ও ইমদাদুল ইজারদার (৩০)।

শরণখোলা এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জেলে-মহাজন বলেন, গত দুই দিনে ২১ জন জেলেকে অপহরণের ঘটনায় জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপহৃতদের উদ্ধার ও দস্যু দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ দাবি করেছেন ওই জেলে-মহাজনরা।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কোস্ট গার্ড পশ্চিমজোন মোংলার এক কর্মকর্তা জানান, সুন্দরবনে জেলে অপহরণের খবর তাদের জানা নেই। বিষয়টির খোঁজখবর নিবেন।