কিশোর গ্যাংবিরোধী অভিযান
কিশোর গ্যাংবিরোধী অভিযান। নয়া দিগন্ত

কুমিল্লার ১৮টি থানায় আবারো একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত চলা এ অভিযানে ২৫৪ জনকে আটক করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো: লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, আটকদের মধ্যে কুমিল্লা নগরের আলোচিত ‘রতন গ্রুপ’ বা ‘আর স্কোয়াড’-এর চারজন সক্রিয় সদস্য রয়েছে। তাদের মধ্যে আনিসুর রহমান ওরফে আনিক (১৯) ওই গ্রুপের ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে দায়িত্ব পালন করছে বলে দাবি পুলিশের।

অতিরিক্ত পুলিশ সুপার মো: লুৎফর রহমান বলেন, কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে একযোগে জেলার ১৮টি থানায় অভিযান চালানো হয়েছে। কুমিল্লা মহানগরসহ বিভিন্ন থানা এলাকার যেসব স্থানে উঠতি বয়সী বখাটেদের উৎপাত ও কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে, সেসব স্থান চিহ্নিত করে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৫৪ জনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, তার থানা এলাকায় রাতের অভিযানে ৩৭ জনকে আটক করা হয়েছে। নগরের যেসব এলাকায় কিশোর গ্যাংয়ের আড্ডা ও অপরাধমূলক কর্মকাণ্ডের চেষ্টা রয়েছে, সেসব এলাকায় অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে চারজন কিশোর গ্যাংয়ের সাথে সরাসরি জড়িত বলে পুলিশের প্রাথমিকভাবে ধারণা।

পুলিশের দাবি, আটক আনিসুর রহমান ওরফে আনিক নগরের ছোটরা মফিজাবাদ কলোনির আবুল কাশের ছেলে। সে ‘রতন গ্রুপ’-এর প্রধান ইমরান হোসেন ওরফে রতনের ভাগনে। রতন বর্তমানে আত্মগোপনে থাকায় আনিকই গ্রুপটির কার্যক্রম নিয়ন্ত্রণ করছে বলে জানিয়েছে পুলিশ। আটক অপর তিনজনও ওই গ্রুপের সক্রিয় সদস্য বলে দাবি করা হয়েছে।

এর আগে গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালানো হয়। ওই অভিযানে ৬২৪ জনকে আটক করে পুলিশ। তাদের মধ্যে ৪৫১ জনকে মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

পুলিশ জানায়, বাকি ১৭৩ জনের বিরুদ্ধে মাদক সেবন, নিয়মিত মামলা, ভ্রাম্যমাণ আদালতের মামলা, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাথে সম্পৃক্ততা ও গ্রেফতারি পরোয়ানাসহ বিভিন্ন অভিযোগ থাকায় তাদের আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।