
পটুয়াখালীর কলাপাড়ায় তানিয়া বেগম (২৫) নামে সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারীর পেটে লাথি, তার স্বামী ও বাবাকে মারধরের অভিযোগ উঠেছে তিন বখাটের বিরুদ্ধে। ঘটনার পরপরই ওই নারীর গর্ভপাত হয়ে অনাগত সন্তানের মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের মুন্সীবাড়ী স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত তানিয়া বেগম (২৫) নামে ওই নারী বর্তমানে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, শনিবার রাতে ব্যাটারিচালিত অটোরিকশাচালক হাবিব পাহলান (৪৫) তার সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী তানিয়া বেগম ও শ্বশুর দুলাল হাওলাদারকে (৫৫) নিয়ে বেতমোর গ্রাম থেকে হাসপাতালের উদ্দেশে রওনা হন। পথে মুন্সীবাড়ী স্ট্যান্ড-সংলগ্ন সড়কে দাঁড়িয়ে ছিলেন তিন বখাটে সোহাগ (২০), মামুন (২৩) ও শাওন সিকদার (২২)। সড়কে দাঁড়িয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় অটোরিকশাচালক হাবিব তাদের সরে দাঁড়াতে বললে বাগবিতণ্ডার সৃষ্টি হয় এবং বখাটেরা মারধর শুরু করেন। এ সময় স্বামী ও বাবাকে বাঁচাতে তানিয়া বেগম এগিয়ে এলে বখাটেরা তার পেটে লাথি মারে এবং তাদের দীর্ঘক্ষণ আটকে রাখেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে প্রবেশের পথে তানিয়ার গর্ভপাত হয় এবং কিছুক্ষণ পর নবজাতকের মৃত্যু হয়।
ঘটনার পর থেকে অভিযুক্তদের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
কলাপাড়া হাসপাতালের কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডা: এহসান বলেন, পেটে আঘাতজনিত কারণে রোগীর রক্তক্ষরণ হয়ে গর্ভপাত হয়। আমরা শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রেফার করেছিলাম। কিন্তু তারা জরুরি ভিত্তিতে নিতে না পারায় শিশুটির মৃত্যু হয়। শিশুটির মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।








