নিহত উজির মন্ডল
নিহত উজির মন্ডল। নয়া দিগন্ত

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদী থেকে নিখোঁজ হওয়ার দীর্ঘ ৪৮ ঘণ্টা পর ভেসে উঠেছে কৃষক উজির মন্ডলের লাশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পাবনা জেলার সুজানগর উপজেলার সাতবাড়ির কাছে পদ্মা নদী থেকে তার লাশ উদ্ধার করে ভেড়ামারা থানা ও সুজানগর থানা পুলিশ। এ সময় উদ্ধার অভিযানে থাকা ডুবুরি দল, ফায়ার সার্ভিসের টিম উপস্থিত ছিল।

এর আগে, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পদ্মার চরাঞ্চলে সবজির জমিতে কাজ করে ভেড়ামারার বাড়িতে ফিরছিলেন কৃষক উজির মন্ডল। এ সময় হঠাৎ করেই নৌকা থেকে পড়ে যান তিনি। চোখের পলকে পদ্মার অথৈই পানিতে তিনি হারিয়ে যান।

নিহত উজির মন্ডল ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের মন্ডলপাড়ার মরহুম খেদের আলীর ছেলে।

নিহতের ছোট ভাই নাজির মন্ডল বলেন, পদ্মা নদীর চরে আমাদের জমি রয়েছে। প্রতিদিনই আমরা একসাথে ছয়-সাতজন একটা নৌকা নিয়ে চরে যাই এবং নিত্যদিনের কাজ করি। আজকেও আমার বড় ভাই উজিরসহ চাচাদের সাথে নিয়ে চরে গিয়েছিলাম।

তিনি আরো বলেন, জুমার নামাজ আদায়ের জন্য সাড়ে ১২টার দিকে আমরা নৌকা নিয়ে ফিরছিলাম। পদ্মা নদী এখন উত্তাল থাকায় প্রচন্ড ঢেউ ছিল। নৌকা দুলে দুলে চলছিল। হঠাৎ করেই দেখি ভাই পড়ে গেল। তাকে ধরতে ধরতেই চোখের পলকে পানিতে ভেসে গেল ভাই। অনেক খোঁজাখুঁজি করেও ভাইকে পাইনি। এরপর থেকেই স্থানীয় নৌকা, ফায়ার সার্ভিসের ডুবুরির দল উদ্ধার অভিযান শুরু করে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান জানান, রোববার সাড়ে ১১টার দিকে পাবনার সুজানগর সাতবাড়ি এলাকার স্থানীয়রা পদ্মা নদীতে কিছু ভাসতে দেখেন। এরপর সংবাদ দেয়া হয় পুলিশকে। সংবাদ পেয়ে ডুবুরি দলের সহায়তায় পদ্মা নদী থেকে একটি লাশ উদ্ধার করা হয়। পরে শনাক্ত করা হয় লাশটি নিখোঁজ উজির মন্ডলের।