
সিলেটে একদিন মৃত্যুহীন থাকার পর হাম ও উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৮ জনে।
রোববার (২৭ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে সন্দেহজনক হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১৬৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৩ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭৫ জন, জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন ভর্তি হয়েছেন।
নতুন ভর্তি রোগীসহ বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬৪১ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭৭ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৮৫, জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৫, নর্থ ইস্ট হাসপাতালে ছয়, পার্কভিউ মেডিক্যাল হাসপাতালে ১৩, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আট, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫০, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে তিন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৯ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণকারী দুই শিশুর মধ্যে ১০ মাস বয়সী ওসমান গণি এবং নয় মাস বয়সী তাসনিম সিলেট সদর উপজেলার বাসিন্দা।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে হাম ও উপসর্গে মোট ১৭৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ১৬৮ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে।
জেলা হিসেবে এ পর্যন্ত সিলেটে ৭১, হবিগঞ্জে ২৬, মৌলভীবাজারে ১৫ এবং সুনামগঞ্জে ৬৬ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, ১ জানুয়ারি থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৫৩ জন। এর মধ্যে সিলেটে ৩৮৫, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত না হলেও সন্দেহজনক হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির চাপ বেড়েই চলেছে।
আগেরদিন শনিবার বিভাগে মৃত্যুহীন দিনে ১৩১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছিল ৬৪১ জন।








