
নড়াইলের লোহাগড়ায় ইসলাম শেখ (৫২) নামে সেচ্ছাসেবক দলের এক নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় আসামিদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনগণ। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রঘুনাথপুর-তালতলা বাজারে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে এলাকার শত শত নারী-পুরুষসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
ইসলাম শেখ উপজেলার শালনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আট নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন।
মানববন্ধনে শালনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক কাজী উজ্জ্বল, রঘুনাথপুর আলিম মাদরাসার অধ্যক্ষ এটিএম বায়েজিদ বরকতী, নিহত স্বেচ্ছাসেবকদল নেতা ইসলাম শেখের স্ত্রী জাহানারা বেগম, লোহাগড়া উপজেলা যুবদলের সদস্য শহিদুল ইসলাম, শালনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাজী সুরুজ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১০ সেপ্টেম্বর বিকেলে লাহুড়িয়া বাজার থেকে বাড়িতে ফেরার পথে প্রতিপক্ষ ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি টিপু সুলতান এবং শালনগর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামানের নেতৃত্বে তার লোকজন ওৎপেতে থেকে রঘুনাথপুর কবরস্থান এলাকায় ইসলাম শেখকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।
ঘটনার দুইদিন পর গত ১২ সেপ্টেম্বর নিহতের স্ত্রী জাহানারা বেগম লোহাগড়া থানায় ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের ১৭দিন পরও টিপু সুলতান ও কামরুজ্জামানসহ মামলার মূল আসামিরা গ্রেফতার হয়নি। বরং আসামিরা পালিয়ে থেকে পাল্টা মামলার হুমকি দিচ্ছে। মানববন্ধন থেকে বক্তারা দ্রুত আসামিদের গ্রেফতার দাবি জানান।
এদিকে মামলার তদন্ত কর্মকর্তা লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ইসলাম শেখ হত্যা মামলায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ১৫ জন আসামি আদালতে আত্মসমর্পণ করেন। অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।








