
ঝালকাঠির কাঁঠালিয়ায় পুকুরের পানিতে ডুবে স্বস্তিক বৈরাগী নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের মুন্সিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত স্বস্তিক বৈরাগী মুন্সিরাবাদ এলাকার রবিন বৈরাগী ও শিল্পী বৈরাগী দম্পতির ছোট ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে স্বস্তিক বৈরাগী তার বড় ভাই রক্তিম বৈরাগীর সাথে বাড়ির আঙিনায় খেলছিল। এ সময় শিশুটির মা গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন এবং বাবা কাজের প্রয়োজনে বাড়ির বাইরে ছিলেন।
খেলার ছলে পরিবারের সবার অগোচরে শিশুটি বাড়ির পেছনের পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। তাকে দীর্ঘ সময় দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।পরে পুকুরের পানি থেকে ভাসমান অবস্থায় শিশু স্বস্তিক বৈরাগীকে উদ্ধার করেন স্বজনরা।
এরপর দুপুর ১২টার দিকে তাকে পার্শ্ববর্তী রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম জানান, শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।








