
দীর্ঘদিনের খরা কাটিয়ে অবশেষে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রূপালী ইলিশ। রাত পোহালেই ঘাটে ঘাটে ইলিশের মেলা। এমন দৃশ্যে হাসি ফুটেছে ভোলার চরফ্যাশন উপজেলার জেলে পল্লীতে।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার সামরাজ ঘাট, বেতুয়া ঘাট ও ঢালচর ঘাট ঘুরে দেখা যায়, প্রতিটি নৌকা থেকে নামছে ঝুড়ি ভর্তি ইলিশ। ৫০০ গ্রাম থেকে এক কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশই বেশি।
জেলেরা জানান, গত দুই মাস নদীতে মাছ না পেয়ে অনেকেই ধার-দেনা করে সংসার চালিয়েছেন। অনেকে নৌকা-জাল তীরে তুলে রেখেছিলেন।
গত তিন থেকে চার দিন ধরে হঠাৎ করেই নদীতে ইলিশের দেখা মিলছে। একটি নৌকায় এক খেপে দুই থেকে তিন মণ পর্যন্ত ইলিশ পাওয়া যাচ্ছে।
বেতুয়া ঘাটের জেলে রহিম মাঝি বলেন, ‘আল্লাহ মুখ তুলে চেয়েছেন। কয়েকদিন খালি হাতে ফিরেছি, এখন জাল ফেললেই ইলিশ। বাজারে দামও ভালো পাচ্ছি।’
ঘাটে ইলিশ কিনতে আসা ব্যবসায়ী মো: সোহাগ বলেন, ‘মাছের সরবরাহ বাড়ায় পাইকাররা ভিড় করছেন। বর্তমানে এক কেজি সাইজের ইলিশ ১৮০০ থেকে ২০০০ টাকা ও ৫০০ থেকে ৬০০ গ্রাম সাইজের ইলিশ ১০০০ থেকে ১২০০ টাকা দরে বিক্রি হচ্ছে ‘
উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, নিষেধাজ্ঞা চলাকালে মা ইলিশ রক্ষা ও জাটকা নিধন বন্ধে নেয়া পদক্ষেপের কারণে এবার ইলিশের উৎপাদন বেড়েছে। নদীতে পর্যাপ্ত বৃষ্টি ও উজানের পানির কারণে সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ নদীতে আসছে।
তবে জেলেদের অভিযোগ, নদীতে কোস্ট গার্ডের টহল জোরদার থাকলেও এখনো কিছু অসাধু কারেন্ট জাল দিয়ে জাটকা ধরছে, এটি বন্ধ করা জরুরি।








