
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতীম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। এখন থেকে মামলাটির তদন্ত করবেন সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদ। এর আগে মামলাটির তদন্ত করছিলেন থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো: লুৎফুর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলাটির গুরুত্ব বিবেচনায় তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। নতুন তদন্ত কর্মকর্তা রাজিব আহমেদ জানান, পুলিশ সুপার কার্যালয় থেকে তদন্ত কর্মকর্তা পরিবর্তনের আদেশ দেয়া হয়েছে। মামলার নথিপত্র পাওয়ার পর তদন্তকাজ শুরু করবেন তিনি। দ্রুত তদন্ত শেষ করে তিনি আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের চেষ্টা করবেন।
এর আগে, মামলার সাবেক তদন্ত কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম বলেন, মামলাটির তদন্তের দায়িত্ব এখন পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদকে দেয়া হয়েছে। এক-দুই দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র তার কাছে হস্তান্তর করা হবে।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, এখন থেকে মামলাটির তদন্ত করবেন থানার পরিদর্শক (তদন্ত)। অপ্রতীম হত্যাকাণ্ডে সরাসরি জড়িত তিনজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি পাওয়া গেছে। তবে এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি-না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
নিহত শিশু অপ্রতীম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও ব্যবসায়ী কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান। সে বর্ডার গার্ড হাইস্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
উল্লেখ্য, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতীমকে হত্যা করা হয়। পুলিশ জানিয়েছে, আইফোন ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়।
এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করে। তবে, তাদের মধ্যে তুহিন, ফাহাদ ও কামরুল আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।








