বক্তব্য রাখছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ
বক্তব্য রাখছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, ‘সমৃদ্ধ দেশ ও সমাজ বিনির্মাণে পরিবর্তনের সূচনা ব্যক্তি থেকেই হতে হবে।’

তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে মানুষের আত্মার পরিবর্তন না হলে সমাজ ও রাষ্ট্রে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। ইসলামের ভিত্তিতে পরিবর্তন আনতে হলে প্রত্যেক ব্যক্তিকেই পরিবর্তনের মূল জায়গা হিসেবে গড়ে তুলতে হবে।’

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে মহানগরীর বিভিন্ন ইউনিট সভাপতিদের নিয়ে আয়োজিত শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মতিউর রহমান আকন্দ বলেন, ‘আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি নিয়ে দায়িত্বশীলদের কাজ করতে হবে। ঈমানের প্রকাশ মানুষের আচরণে ফুটে উঠবে। এজন্য দায়িত্বশীলদের বিনয়ী, নম্র ও উদার হতে হবে। ইসলামের বিজয় বিনয়ের মাধ্যমেই অর্জিত হবে।’

তিনি তাকওয়াভিত্তিক জীবনযাপন, খারাপ কাজ থেকে বিরত থাকা এবং আল্লাহকে ভয় করে চলার পাশাপাশি কোনোভাবেই হারাম কাজের সাথে সম্পৃক্ত না হওয়ার জন্য দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান।

তিনি আরো বলেন, ‘দায়িত্বশীলদের নিয়মিত মানোন্নয়ন করতে হবে। জ্ঞানকে সমৃদ্ধ করার পাশাপাশি জিহ্বা ও নফসকে নিয়ন্ত্রণে রাখতে হবে। সর্বক্ষেত্রে দায়িত্বশীল মনোভাব নিয়ে কাজ করতে হবে।’

শিক্ষা শিবিরে ‘সংগঠন সম্প্রসারণ ও মজবুতি অর্জনে ইউনিট দায়িত্বশীলদের ভূমিকা’ শীর্ষক আলোচনায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। তিনি তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরো সুসংগঠিত ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘একটি সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে দায়িত্বশীলদের যোগ্যতা, দক্ষতা, শৃঙ্খলা ও নৈতিক মানোন্নয়ন গুরুত্বপূর্ণ। নিয়মিত প্রশিক্ষণ ও আত্মগঠনের মাধ্যমে দায়িত্বশীলদের সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি জনগণের সাথে সুসম্পর্ক গড়ে তোলার ওপরও গুরুত্ব দিতে হবে।’

‘সংগঠনের অভ্যন্তরীণ পরিবেশ ও শৃঙ্খলা’ বিষয়ে আলোচনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম। তিনি পারস্পরিক সহযোগিতা, সাংগঠনিক শৃঙ্খলা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে সংগঠনের অভ্যন্তরীণ পরিবেশ আরো সুন্দর করার ওপর গুরুত্বারোপ করেন।

শিক্ষা শিবিরের শুরুতে বক্তব্য দেন রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল। দারসুল কোরআন উপস্থাপন করেন মহানগরীর মানবসম্পদ সম্পাদক অধ্যাপক ড. নিজাম উদ্দিন।

এছাড়া বক্তব্য দেন রাজশাহী মহানগরী জামায়াতের আমির ড. মাওলানা কেরামত আলী ও নায়েবে আমির ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর।

শিক্ষা শিবিরে মাসনুন দোয়া পরিচালনা করেন মহানগরীর তালিমুল কোরআন সম্পাদক মাওলানা মো: ইয়াহিয়া। সমাপনী বক্তব্য দেন রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম।

শিক্ষা শিবিরে সংগঠন সম্প্রসারণ, সাংগঠনিক শৃঙ্খলা, আত্মগঠন, মানোন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে সংগঠন পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেয়া হয়। এতে রাজশাহী মহানগরী জামায়াতের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলরা অংশ নেন।