মানববন্ধন
সোনারগাঁওয়ে অবৈধ চুনা ও ঢালাই ফ্যাক্টরি বন্ধের দাবিতে মানববন্ধন। নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৫৬টি চুনা ও ঢালাই কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা উদ্ধবগঞ্জ এলাকায় সোনারগাঁও প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে ‘পরিবেশ রক্ষা আন্দোলন’।

মানববন্ধনে অবৈধভাবে গড়ে ওঠা চুনা ও ঢালাই কারখানার সাথে জড়িতদের নাম প্রকাশ হওয়ার পরও অজ্ঞাত কারণে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করার প্রতিবাদ জানানো হয়।

পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি কবি রহমান মুজিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোকাররম মামুনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন—সুবর্ণগ্রাম সংস্কৃতি অঙ্গনের সভাপতি কবি শাহেদ কায়েস, সোনারগাঁও প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক রবিউল হুসাইন, সুজন সোনারগাঁও শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মামুন, উদীচী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ, পরিবেশ রক্ষা আন্দোলনের সহ-সভাপতি মোয়াজ্জেমুল হক, যুগ্ম সম্পাদক মোফাখখার সাগর, কার্যনির্বাহী কমিটির সদস্য রোকেয়া আক্তার, শাহাদাত হোসেন শিপন চৌধুরী প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন রাশেদ এহসান, রমিম, সাংবাদিক খায়রুল ইসলাম খোকন, ইমরান হোসেন, ডালিম হোসেন, বিরুধ আলীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অন্যতম ঐতিহাসিক এবং প্রাকৃতিক ও সামাজিকভাবে শান্তিপূর্ণ জনপদ হিসেবে পরিচিত সোনারগাঁও এলাকায় বর্তমানে ৫৬টির মতো অবৈধ চুনা ও ঢালাই কারখানা গড়ে উঠেছে। ফলে, এ অঞ্চলের চিরচেনা সেই পরিবেশ অবৈধ চুনা কারখানার বিষাক্ত কার্বনে অনেকটাই বিষাক্ত হয়ে উঠেছে। উপজেলার যেসব এলাকায় অবৈধ চুনা কারখানাগুলো রয়েছে, সেসব এলাকার শিশু, বৃদ্ধসহ নানা বয়সের মানুষ শ্বাসকষ্ট ও চর্মরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এ ছাড়া স্থানীয় প্রাকৃতিক পরিবেশের ওপর ইতিমধ্যে ব্যাপক বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে।

বক্তারা অভিযোগ করেন, সোনারগাঁওয়ে গড়ে ওঠা এসব কারখানার পেছনে মদদদাতা হিসেবে কাজ করছে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি, প্রশাসন ও তিতাসের কতিপয় অসাধু কর্মকর্তা। এমনকি এই অপকর্মের সাথে কিছু নামধারী বিশেষ পেশার ব্যক্তি জড়িয়ে পড়ারও অভিযোগ রয়েছে।

মানববন্ধনে বক্তারা তিতাস কর্তৃপক্ষ, শেল্টারদাতা রাজনীতিকসহ পরিবেশ নষ্টকারী অবৈধ চুনা কারখানার সাথে জড়িতদের বিরুদ্ধে স্থানীয়ভাবে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।