বিদ্যুৎস্পৃষ্টে শিশুশিক্ষার্থীর মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে শিশুশিক্ষার্থীর মৃত্যু। প্রতীকী ছবি

যশোরের কেশবপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব্বির হোসেন (১০) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাড়িয়াঘোপ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুশিক্ষার্থী সাব্বির হোসেন হাড়িয়াঘোপ গ্রামের আজহারুল ইসলামের ছেলে। সে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

এলাকাবাসী ও থানা সূত্র জানায়, শুক্রবার বিকেলে সাব্বির তার গ্রামে বিদ্যুতায়িত হয়ে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে হাত দিয়ে দাঁড়াতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানেই মারা যায়। ধারণা করা হচ্ছে, কয়েক দিনের বৃষ্টির কারণে হয়ত কোনোভাবে বৈদ্যুতিক খুঁটিটি বিদ্যুতায়িত হয়ে ছিল। শিশুটি ওই বৈদ্যুতিক খুঁটিতে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্য মামলা হয়েছে।