ছুরিকাঘাত, নিহত, মৃত্যু, আটক, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, পোশাক শ্রমিক
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সংগৃহীত

গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গাজী রাফিস আহমেদ (৩২) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে চক্রবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত রাফিস খুলনা জেলার দাকোপ থানার বাঁশখালী গ্রামের খোরশেদ আলম গাজীর ছেলে। তিনি পরিবার নিয়ে চক্রবর্তী এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

নিহত রাফিসের খালাতো ভাই শেখ নাজমুল হাসান জানান, চক্রবর্তী এলাকায় রাস্তার পাশের একটি দোকানে ঝালমুড়ি খাচ্ছিলেন রাফিস। এ সময় পাশের আরেকটি ঝালমুড়ির দোকানে কয়েকজন পথচারীর সাথে এক বিক্রেতার বাকবিতণ্ডা ও চিৎকার চলছিল। বিষয়টি মীমাংসার চেষ্টা করতে সেখানে গেলে রাফিসের সাথে ওই বিক্রেতার বিরোধ হয়। একপর্যায়ে অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতা নিজের কাছে থাকা ধারালো ছুরি দিয়ে রাফিসসহ আরো দুইজনের ওপর হামলা করেন। এতে রাফিসের পেটের ডান পাশে গভীর ছুরিকাঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাত ১টার দিকে রাফিসকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পর স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতাকে একটি টহল দল আটক করে। অভিযুক্ত ব্যক্তি কিছুটা মানসিক ভারসাম্যহীন বলেও অভিযোগ রয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, রাফিসের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।