হরিরামপুরে মাদক, ইভটিজিং, কিশোরগ্যাং বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম নয়া দিগন্ত

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ পুলিশের হরিরামপুর থানার উদ্যোগে ঝিটকা আনন্দ মোহন বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশে অনুষ্ঠিত হয়।

ঝিটকা আনন্দ মোহন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজা সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।

পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, ‘মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির জীবনই নষ্ট করে না, বরং এর প্রভাব পরিবার ও সমাজের ওপরও পড়ে। তাই শিক্ষার্থীদের মাদকসহ সব ধরনের অপরাধ থেকে দূরে থাকতে হবে। পাশাপাশি ইভটিজিং, কিশোর গ্যাং ও অনলাইনভিত্তিক বিভিন্ন অপরাধ সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন।’

পুলিশ সুপার বলেন, ‘শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। পড়াশোনার পাশাপাশি তাদের নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে হবে। কোনো শিক্ষার্থী বা তার সহপাঠী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে বিষয়টি শিক্ষক, অভিভাবক কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।

সমাবেশে সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ, হরিরামপুর থানার সদ্য বিদায়ী ওসি মোহাম্মদ আফজাল হোসেন, নবাগত ওসি জে ও এম তৌফিক আজম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামিম আহমেদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবিরসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।