
চট্টগ্রামের পটিয়ায় কাভার্ডভ্যানের সাথে ট্রেনের সংঘর্ষে বগি লাইনচ্যুত হয়ে ২৪টি বগি নিয়ে আটকে পড়েছে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টায় কক্সবাজার থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি পটিয়া চক্রশালা স্টেশন অতিক্রমকালে একটি কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও ২৪টি বগি নিয়ে এক্সপ্রেস ট্রেনটি আটকে পড়ায় ঢাকাগামী শত শত যাত্রী দুর্ভোগে পড়েছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত বগি নিয়ে ট্রেনটি আটকে রয়েছে।
খবর পেয়ে চট্টগ্রাম থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছায় এবং সন্ধ্যা ৭টার দিকে লাইনচ্যুত ট্রেনের বগির অপর অংশের ১১টি বগি পটিয়া রেলওয়ে স্টেশনে নেয়া হয়েছে।
অপরদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত লাইনচ্যুত বগিটি উদ্ধারের চেষ্টা চলছে বলে পটিয়া রেলওয়ে স্টেশন মাস্টার আবদুস সালাম ভূঁইয়া জানান।
তবে লাইনচ্যুত বগি উদ্ধার করে কবে নাগাদ ওই ট্রেন ঢাকায় পৌঁছাবে এ বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের একাধিক কর্মকর্তার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে কেউ মোবাইল রিসিভ করেননি।







