
সিলেটে একদিন মৃত্যুহীন থাকার পর ফের হাম ও উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরো ১৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৫ জনে। এ নিয়ে চলতি বছরে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭২ জনে।
সোমবার (২১ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে হাম ও উপসর্গ নিয়ে ১৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৩ জন, এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৫ জন, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪৩ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫৩৫ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৭ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৮৯ জন, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২ জন, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে সাতজন, পার্কভিউ মেডিক্যাল হাসপাতালে ২৫ জন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আট, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭৫ জন, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঁচজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩০ জনসহ অন্যান্য হাসপাতালে রোগীরা চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণকারী সাত মাস বয়সী সাম্য সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার এবং দুই বছর দুই মাস বয়সী ফারিয়া একই জেলার তাহিরপুর উপজেলার বাসিন্দা।
এর আগের ২৪ ঘণ্টায় সিলেটে হামে কোনো মৃত্যু না হলেও হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৩৭ জন। একদিন বিরতির পর আবারও দুই শিশুর মৃত্যু হলো। এনিয়ে চলতি বছর হাম ও উপসর্গে সিলেট বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭২ জনে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ১৬২ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জন মারা গেছেন।
জেলা হিসেবে এ পর্যন্ত সিলেটে ৬৭, হবিগঞ্জে ২৪, মৌলভীবাজারে ১৫ এবং সুনামগঞ্জে ৬৬ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগের হিসাবে, ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৫৩ জন। এর মধ্যে সিলেটে ৩৮৫, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন কোনো নিশ্চিত রোগী শনাক্ত হয়নি।







