অগ্নিকাণ্ড
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন নয়া দিগন্ত

শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়ার একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- কোনো কিছুর বিস্ফোরণ থেকে এ আগুনের সূত্রপাত। বিস্ফোরণে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা দাদা মার্কেট এলাকার প্রীতি গ্রুপের একটি কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা ৭টায় জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে বিকট শব্দে বিস্ফোরণে আশপাশের বেশ কিছু ভবনের থাই গ্লাস ভেঙে পড়েছে।

জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসছি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। আপাতত কিছু বলা যাচ্ছে না।