
পাবনার চাটমোহর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা দক্ষিণ সেনগ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো— আটলংকা দক্ষিণ সেনগ্রামের মজিবর রহমানের ছেলে হুজাইফা রহমান (৭) ও রুবেল হোসেনের ছেলে মাহফুজ (৬)।
স্বজনরা জানান, শনিবার দুপুর ৩টার দিকে আটলংকা দক্ষিণ সেনগ্রামে জনু মেম্বর নামে জনৈক এক ব্যক্তির পুকুরে গোসল করতে নামে প্রতিবেশী ও সমবয়সী দুই শিশু হুজাইফা ও মাহফুজ। গোসল করার একপর্যায়ে সাঁতার না জানায় দু’জনেই পানিতে তলিয়ে যায়।
দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন। নিখোঁজের প্রায় দুই ঘণ্টা পর ওই দুই শিশু পানিতে ভেসে উঠলে দ্রুত তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, একসাথে দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি খুবই কষ্টদায়ক। অভিভাবকদের আরো সচেতন হওয়া প্রয়োজন।







