
নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির আওতায় সারাদেশ থেকে প্রাথমিকভাবে বাছাইকৃত ৩১১ জন ক্ষুদে প্রতিভাবান খেলোয়াড়কে নিয়ে ৪০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
শনিবারে (১৯ সেপ্টেম্বর) বিকেলে বিকেএসপিতে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন, ‘সরকারের যুগান্তকারী বিভিন্ন উদ্যোগের ফলে সারাদেশে ছেলেমেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহ ও অংশ নেয়া বৃদ্ধি পেয়েছে। এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সম্ভাবনাময় ও প্রতিভাবান ছেলেমেয়েরা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে।’
তিনি বলেন, ‘আজকের এই ক্ষুদে খেলোয়াড়রাই আগামী দিনে দেশের জাতীয় দলগুলোকে আরো সমৃদ্ধ করবে ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের পতাকাকে গৌরবের সাথে তুলে ধরবে।’
তিনি আরো বলেন, ‘তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ ও পরিচর্যার মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে একটি শক্তিশালী ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে বিকেএসপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে উন্নত প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হচ্ছে, যা দেশের ক্রীড়ার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব-উল-আলম, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ, চীনা দূতাবাসের প্রতিনিধিরা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন ক্রীড়া সংস্থা ও ফেডারেশনের কর্মকর্তা, দেশের খ্যাতনামা ও কিংবদন্তি ক্রীড়াবিদরা, প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নেয়া ক্ষুদে খেলোয়াড় এবং বিকেএসপির প্রশিক্ষণার্থীরা।
উল্লেখ্য, গত ২৮ ও ২৯ এপ্রিল সারাদেশে অনুষ্ঠিত প্রাথমিক বাছাই কার্যক্রমের মাধ্যমে ৩১১ জনকে নির্বাচন করা হয়।







