কৃতি সংবর্ধনা
কৃতি সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিফতাহ্ সিদ্দিকী নয়া দিগন্ত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, ‘শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের নাম নয়, শিক্ষা মানুষের চরিত্র গঠন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশের অন্যতম মাধ্যম। তোমাদের জ্ঞান অর্জনের পাশাপাশি আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। ধর্মীয় শিক্ষার সাথে আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষাও গ্রহণ করতে হবে। সময়ের সদ্ব্যবহার, নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের প্রতি সম্মান এবং বাবা-মায়ের প্রতি দায়িত্বশীল আচরণ তোমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত।’

শনিবার (১৯ সেপ্টেম্বর) নগরীর টিলাগড়ে চান্দুশাহ ইসলামিয়া দাখিল মাদরাসার দাখিল উত্তীর্ণ কৃতি সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জীবনে সফল হতে হলে পরিশ্রম, সততা ও শৃঙ্খলার কোনো বিকল্প নেই। ব্যর্থতা এলে হতাশ না হয়ে তা থেকে শিক্ষা নিতে হবে। অন্যের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং সমাজ ও দেশের কল্যাণে নিজেদের প্রস্তুত করতে হবে।’

তিনি আরো বলেন, ‘খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি নেতৃত্ব, সহযোগিতা, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্যবোধ তৈরি করে। প্রতিযোগিতায় জয়-পরাজয় থাকবেই, তবে প্রতিটি অংশগ্রহণের মধ্য দিয়ে নতুন কিছু শেখার সুযোগ রয়েছে।’

অনুষ্ঠানে বক্তারা নৈতিক জীবনযাপন এবং ভবিষ্যতে দেশ ও মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান। পাশাপাশি দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

চান্দুশাহ জামেয়া ইসলামিয়া মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মো: কয়েস মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— চান্দুশাহ জামেয়া ইসলামিয়া মাদরাসা এডহক কমিটির সভাপতি মো: দেলোয়ার হোসেন রনি, চান্দুশাহ জামেয়া ইসলামিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, ২১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সালেক আহমেদ, বিএনপির কালাশীল পাড়া কমিটির সভাপতি মোহাম্মদ কবির উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, মাদরাসার উন্নয়ন কমিটির সদস্য মোহাম্মদ দিলওয়ার হোসাইন দিলদার, মাহফুজুর রহমান বাপন, মোহাম্মদ ইফতেখার আহমদ, মকবুল হুসেন প্রমুখ।