হাম
হাম আক্রান্ত শিশুর নমুনা ছবি সংগৃহীত

সিলেটে হামে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। টানা দুইদিন মৃত্যুহীন থাকার পর গত ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যুও পাশাপাশি উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১৬১ জন। এদিকে চলতি বছর হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০ জনে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন ৫৬৯ জন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। এদিকে এই সময়ে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১৬১ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৪ জন, এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৬ জন, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪০ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫৬৯ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭২ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২১৫ জন, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০ জন, নর্থ ইস্ট মেডিক্যাল হাসপাতালে ১২ জন, পার্কভিউ মেডিক্যাল হাসপাতালে ২৫ জন, কোম্পানীগঞ্জে তিন, বিশ্বনাথে তিন, বিয়ানীবাজারে পাঁচ, গোলাপগঞ্জে আট, গোয়াইনঘাটে দুই, ফেঞ্চুগঞ্জে দুই, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭৭, ধর্মপাশায় এক, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঁচ এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৯ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণকারী পাঁচ মাস বয়সী রূপায়ন সরকার হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ও চার মাস ২২ দিন বয়সী অপর্ণা সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাসিন্দা। গত টানা দুইদিন বৃহস্পতি ও শুক্রবার সিলেট বিভাগে হামে কোনো মৃত্যু হয়নি। তবে এই দুইদিনে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩৩৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন আরো ১৬১জন।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, ১ জানুয়ারি থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৫৩ জন। এর মধ্যে সিলেটে ৩৮৫, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন কোনো নিশ্চিত রোগী শনাক্ত হয়নি।

চলতি বছর হাম ও উপসর্গে মৃত ১৭০ জনের মধ্যে সন্দেহজনক হাম রোগে ১৬০ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জন মারা গেছেন। জেলা হিসেবে সিলেটে ৬৭, হবিগঞ্জে ২৪, মৌলভীবাজারে ১৫ এবং সুনামগঞ্জে ৬৪ জনের মৃত্যু হয়েছে। একদিন আগেও মৃতের সংখ্যা ছিল ১৬৮ জন।