হত্যা
মৃত শিশুরা নয়া দিগন্ত

সুনামগঞ্জের তাহিরপুরে তিন শিশুসন্তানকে বিষ পান করিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে সরফত আলী (৩৮) নামে এক বাবার বিরুদ্ধে। একেই সাথে তিনি নিজেও বিষ পান করে মৃত্যু শয্যায় রয়েছেন। তবে কী কারণে ঘটনার সূত্রপাত ঘটেছে, সে বিষয়েও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামে এ ঘটনা ঘটে।


নিহতরা হলো মাওয়া আক্তার (১০), তামিম মিয়া (৭), শামীম মিয়া (২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময়ে সরফত আলী (৩৮) তার তিন সন্তানকে বিষ খাইয়ে নিজেও বিষপান করে। সকালে বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের সহায়তায় তাদের উদ্ধার করে বাদাঘাট বাজারের ডা: হাফিজ উদ্দিন কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তিন শিশুকেই মৃত ঘোষণা করেন। সরফত আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হোসাইন মোহাম্মদ আরাফাত বলেন, ‘খুব ভোরে খবর পেয়ে বাদাঘাট বাজারের ডা: হাফিজ উদ্দিন কমপ্লেক্সে গিয়ে তিন শিশুর লাশ দেখতে পাই। গুরুতর অসুস্থ সরফত আলীকে স্বজনরা সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেছেন।’ 

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, বিষপানের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি তবে এই বিষয়ে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।