নিহত দুই শিশু
নিহত দুই শিশু নয়া দিগন্ত

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৮) ও ইকবাল হোসেন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের আজগর আলীর ছেলে এবং ইকবাল হোসন কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে। নিহত দুই শিশু সম্পর্কে মামা-ভাগ্নে।

পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, শিশু ইকবাল হোসেন সোনাতলা গ্রামে তার নানা আজগর আলীর বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার দুপুরে মামা আব্দুল্লাহর সাথে প্রতিবেশী শেখ আবু বক্করের পুকুরপাড়ে খেলা করছিল সে। একপর্যায়ে তারা দু’জন পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। বিষয়টি প্রতিবেশী এক নারী দেখতে পেয়ে পরিবারের সদস্যদের জানালে তারা স্থানীয়দের সহায়তায় পুকুরের পানি থেকে দুই শিশুর লাশ উদ্ধার করে।

খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশান্ত ঘোষের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, আইনগত প্রক্রিয়া শেষে পানিতে ডুবে নিহত দুই শিশুর লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।