
নাটোরের বাগাতিপাড়ায় ভ্যান চুরির চেষ্টার সময় শরিফুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছেন স্থানীয়রা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাঁকা ইউনিয়নের লোকমানপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে আটক শরিফুলকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক শরিফুল ইসলাম রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের কালুহাটি গ্রামের মরহুম ইন্তাজ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ভ্যান চুরির উদ্দেশ্যে শরিফুল ইসলাম লোকমানপুর বাজারসংলগ্ন মাঠের রাস্তার পাশে অবস্থান করছিলেন। এদিকে বাগাতিপাড়া উপজেলার গালিমপুর দিয়াড়পাড়া গ্রামের কৃষক কাদের আলী ওই এলাকায় রাস্তার পাশে ভ্যান রেখে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় শরিফুল তালা কেটে ভ্যানটি নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা শরিফুলকে আটক করেন। খবর পেয়ে বাগাতিপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শরিফুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়।
ভ্যানের মালিক কাদের আলী এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।







