
সিলেটে একদিনের ব্যবধানে নতুন করে নয়জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ১৭৭ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৫৫৪ জন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১৭৭ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭০ জন, এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৮ জন, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে দুজন, নর্থ ইস্ট মেডিক্যাল হাসপাতালে তিনজন, মাউন্ট এডোরা হাসপাতালে একজন, পার্কভিউ মেডিক্যাল হাসপাতালে চারজন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, বিয়ানীবাজারে ছয়জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১২ জন ও সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৮ জন ভর্তি হয়েছে।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৫৫৪ জন সন্দেহজনক হাম রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৮৮ জন ও ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৯৮ জন রয়েছে। এছাড়া রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০, নর্থ ইস্টে ১২, পার্কভিউতে ২৯, কোম্পানীগঞ্জে তিন, বিশ্বনাথে তিন, বিয়ানীবাজারে ছয়, গোলাপগঞ্জে আট, গোয়াইনঘাটে দুই, ফেঞ্চুগঞ্জে দুই, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬০, ধর্মপাশায় এক, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঁচ এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৭ জন চিকিৎসাধীন রয়েছে।
স্বাস্থ্য বিভাগের হিসাবে, ১ জানুয়ারি থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৫৩ জন। এর মধ্যে সিলেটে ৩৮৫, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ ও সুনামগঞ্জে ৩৫৭ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে নয়জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন।
এদিকে চলতি বছরে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা ১৬৮। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ১৫৮ জন ও নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে। গত দুই দিনে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
টানা দুইদিন হামজনিত মৃত্যু না হলেও নতুন করে নয়জন নিশ্চিত রোগী শনাক্ত ও একদিনে ১৭৭ জন হাসপাতালে ভর্তি হওয়ায় সিলেটের হাম পরিস্থিতিতে রোগীর চাপ এখনো অব্যাহত রয়েছে।







