
নীলফামারীর ডিমলায় কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধ ও মাদকের বিস্তার নিয়ন্ত্রণে সাড়ে তিন ঘণ্টাব্যাপী যৌথ অভিযান চালিয়েছে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পয়েন্টে এ যৌথ অভিযান চালানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল একযোগে ডিমলা বিজয় চত্বর, মেডিক্যাল মোড় এবং ডিমলা সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকাসহ কৌশলগত স্থানগুলোতে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন বিভিন্ন স্পটে তল্লাশি ও গোয়েন্দা টহল জোরদার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ডিমলা উপজেলার বিভিন্ন এলাকায় উদীয়মান কিশোর গ্যাংয়ের অপতৎপরতা, উন্মুক্ত স্থানে মাদকসেবন ও অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর যেসব স্পটে কিশোর-তরুণদের অহেতুক আড্ডা ও সন্দেহজনক চলাফেরা লক্ষ্য করা যায়, সেসব এলাকাকে বিশেষ তল্লাশির আওতায় আনা হয়।
হঠাৎ পুলিশের এই আকস্মিক ও দীর্ঘ সময়ের কঠোর অবস্থানকে ঘিরে স্থানীয় জনমনে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, নিয়মিত বিরতিতে আইনশৃঙ্খলা বাহিনীর এমন দৃশ্যমান পদক্ষেপ বজায় থাকলে মাদক কারবারি ও কিশোর অপরাধীদের অপতৎপরতা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোরদের সামাজিক অবক্ষয় ও অপরাধে জড়িয়ে পড়া রোধের পাশাপাশি মাদকের কুফল থেকে এলাকা মুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক সতর্ক অবস্থায় রয়েছে। অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশের গোয়েন্দা নজরদারি ও ঝটিকা টহল অব্যাহত থাকবে।







