রাজাপুর সাব-রেজিস্ট্রি অফিসে আকস্মিক পরিদর্শনে যান রফিকুল ইসলাম জামাল এমপি 
রাজাপুর সাব-রেজিস্ট্রি অফিসে আকস্মিক পরিদর্শনে যান রফিকুল ইসলাম জামাল এমপি  ছবি: নয়া দিগন্ত

ঝালকাঠির রাজাপুরে জমি রেজিস্ট্রেশনে বাড়তি আদায়ে অভিযোগ খতিয়ে দেখতে সাব-রেজিস্ট্রি অফিসে আকস্মিক পরিদর্শন করেছেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য (এমপি) মো: রফিকুল ইসলাম জামাল।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সাংবাদিক, পুলিশ ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি এ পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে জমি গ্রহিতা মো: জাকির হোসেনের সাথে কথা বলেন এমপি।

এসময় জাকির হোসেন এমপিকে জানান, তিনি তিন লাখ টাকায় একটি জমি কিনেছেন। দলিল রেজিস্টেশন খরচ বাবদ দলিল লেখক মো: আলকাজ হোসেন তার কাছ থেকে ৩৬ হাজার টাকা নিয়েছেন।

অভিযোগের বিষয়ে দলিল লেখক আলকাজ হোসেন বলেন, ‘দলিল খরচ বাবদ আমি ৩০ হাজার টাকা নিয়েছি। বাকি ৬ হাজার টাকা জাকির হোসেন বাইরে থেকে দাখিলা সংগ্রহ করতে খরচ করেছেন।’

রাজাপুরের সাব-রেজিস্ট্রার (খণ্ডকালীন) মো: মেহেদী হাসান বলেন, ‘দলিল লেখক আলকাজ হোসেনকে শোকজ করে জবাব চাওয়া হয়েছে।’

এমপি রফিকুল ইসলাম জামাল বলেন, ‘দীর্ঘদিন ধরে সাব-রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ পাচ্ছিলাম। বিশেষ করে ছোট জমিদাতা ও গ্রহীতাদের কাছ থেকে এ ধরনের অভিযোগ বেশি আসছিল। তাই বিষয়টি সরেজমিনে দেখতে অফিসে এসেছি।’ 

এমপি বলেন, ‘তিন লাখ টাকা মূল্যের জমি রেজিস্ট্রেশনের জন্য ৩৬ হাজার টাকা নেয়া সরকার নির্ধারিত রেজিস্ট্রেশন ফির থেকে অনেক বেশি। এ বিষয়ে সাব-রেজিস্ট্রারের কাছে জানতে চাওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘সাব-রেজিস্ট্রি অফিসের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। দলিল গ্রহীতার কাছ থেকে দলিল লেখার পারিশ্রমিক হিসেবে কত টাকা নেয়া হয়েছে, তাও জানতে হবে। প্রয়োজনে বিষয়টি তদারকিতে দলীয়ভাবে একটি টিম গঠন করা হবে।

পরিদর্শনের সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো: মাসুম বিল্লাহ পারভেজ, সদস্যসচিব সৈয়দ নাজমুল হক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবু রতন দেবনাথ, সদস্যসচিব মো: রিয়াজ হোসেন খানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।