পানিতে ডুবে শিশুশিক্ষার্থীর মৃত্যু
পানিতে ডুবে শিশুশিক্ষার্থীর মৃত্যু প্রতীকী

নাটোরের সিংড়ায় পানিতে ডুবে জুথি খাতুন (১০) নামে এক শিশুশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে চলনবিলের কয়ড়াবাড়ি ডুবন্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু জুথি খাতুন উপজেলার তাজপুর ইউনিয়নের কয়ড়াবাড়ি গ্রামের কৃষক এনামুল হকের মেয়ে ও স্থানীয় মাদরাসার শিক্ষার্থী।

তাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু হানিফ জানান, বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থী জুথি খাতুন তার এক সহপাঠির সাথে কয়ড়াবাড়ি ডুবন্ত সড়কে খেলা করছিল। হঠাৎ সে সকলের অগোচরে পানিতে পড়ে নিখোঁজ হয়। দুই ঘণ্টা পর সড়কের পাশের পানির নিচ থেকে তাকে উদ্ধার করে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা: সাদিয়া আফরিত শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বিষয়টি তার জানা নেই।