ইয়াবা উদ্ধারসহ আটক মাদককারবারি
ইয়াবা উদ্ধারসহ আটক মাদককারবারি ছবি: নয়া দিগন্ত

কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় শাহ আলম (৫১) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নটানপাড়া গ্রামে আটক শাহ আলমের বসতবাড়িতে এ অভিযান চালানো হয়। অভিযানকালে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের মোট ওজন প্রায় ২০ গ্রাম। প্রতিটি ইয়াবার আনুমানিক মূল্য ৩০০ টাকা ধরে উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মাহবুবুল হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যদের পাশাপাশি পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।

অভিযানের পর উদ্ধার করা মাদক জব্দ করা হয় এবং আটক শাহ আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের জন্য রৌমারী থানায় এজাহার দাখিল করা হয়।