
সিলেটে একদিনের ব্যবধানে হামের উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৬৮ জনে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এর সত্যতা নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সিলেট ওমসানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী তিন বছর আট মাস বয়সী মিশু সামিহা সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার, সাত মাস বয়সী পরশ একই জেলার দিরাই উপজেলার এবং এক বছর আট মাস বয়সী ইলমা মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বাসিন্দা।
একই সময়ে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৩ জন। নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত না হলেও হাসপাতালে চিকিৎসাধীন সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১৮ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১৯৩ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬২ জন, এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭১ জন, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজন, নর্থ ইস্ট মেডিক্যাল হাসপাতালে ছয়জন, পার্কভিউ মেডিক্যাল হাসপাতালে চারজন, বিয়ানীবাজারে পাঁচজন, কোম্পানীগঞ্জে চারজন, ধর্মপাশায় একজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৫ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন রয়েছে।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৫১৮ জন সন্দেহজনক হাম রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৫৪ জন, এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৯২ জন, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২, নর্থ ইস্ট মেডিক্যাল হাসপাতালে ১৩, পার্কভিউ মেডিক্যাল হাসপাতালে ৩০, কোম্পানীগঞ্জে সাত, বিয়ানীবাজারে নয়, গোলাপগঞ্জে ১৫, গোয়াইনঘাটে পাঁচ, বালাগঞ্জে এক, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪৩, ধর্মপাশায় তিন, বাহুবলে পাঁচ, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে সাত এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২২ জন চিকিৎসাধীন রয়েছে।
স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৪৪ জন। এর মধ্যে সিলেটে ৩৭৬, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি।
এদিকে, চলতি বছরে এ পর্যন্ত হাম ও উপসর্গে মারা যাওয়া ১৬৮ জনের মধ্যে সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে ১৫৮ জনের ও নিশ্চিত হাম রোগে ১০ জনের। একদিনে আরো তিন শিশুর মৃত্যু ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫১৮ জনে ওঠায় সিলেটে হাম পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।







