উদযাপন
রাজধানীর একটি হোটেলে কেক কেটে কমিউনিটি ব্যাংকের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। সংগৃহীত

 ‘পরিবর্তন, প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়ন’ প্রতিপাদ্য সামনে রেখে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সাত বছরের অর্জন, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনাকে সামনে রেখে আধুনিক, গ্রাহককেন্দ্রিক, দায়িত্বশীল ও টেকসই ব্যাংকিংয়ের প্রত্যয় নিয়ে শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ সময় সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংক ও নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, শেয়ারহোল্ডার, করপোরেট গ্রাহক, স্টেকহোল্ডার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, ‘পরিবর্তন, প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়ন’ শুধু প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য নয়, এটি আগামী দিনের কমিউনিটি ব্যাংকের কৌশলগত অঙ্গীকার। প্রযুক্তি, কাজের পদ্ধতি, সেবার সংস্কৃতি ও গ্রাহকের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনার পাশাপাশি দায়িত্বশীল ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, ব্যাংকের প্রবৃদ্ধির লক্ষ্য শুধু ব্যবসার পরিধি বাড়ানো নয়; বরং সক্ষমতা বৃদ্ধি, গ্রাহকের জন্য নতুন সুযোগ সৃষ্টি এবং দেশের অর্থনীতিতে অবদান আরও বিস্তৃত করা। একই সঙ্গে দীর্ঘমেয়াদি আস্থা ও ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনায় নিয়ে টেকসই ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ কমিউনিটি ব্যাংকের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ব্যাংকিং সেবার মানোন্নয়নের পাশাপাশি বৃহত্তর জনগোষ্ঠীকে আর্থিক সেবার আওতায় আনা এবং মানুষের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা জরুরি। গ্রাহকের আস্থা অর্জন ও তা ধরে রাখাকে ব্যাংকিংয়ের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার কার্যক্রমকে আরও জনকল্যাণমুখী করার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নের মতো ক্ষেত্রে মানুষের বাস্তব প্রয়োজন বিবেচনায় নিয়ে সামাজিক দায়বদ্ধতার কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মো. আলী হোসেন ফকির, বিপিএম বলেন, ব্যাংকের অগ্রযাত্রায় শেয়ারহোল্ডারদের আস্থা, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার দিকনির্দেশনা এবং গ্রাহক ও স্টেকহোল্ডারদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন, একটি প্রতিষ্ঠানের সাফল্যের পেছনে প্রযুক্তি ও পরিকল্পনার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের শ্রম, সততা, নিষ্ঠা ও সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ। পরিবর্তনশীল ব্যাংকিং বাস্তবতায় প্রযুক্তি, ডিজিটাল সেবা ও গ্রাহকের পরিবর্তিত প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে কমিউনিটি ব্যাংককে আরও দক্ষ, উদ্ভাবনী ও মানবিক হতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (অর্থ) মো. আকরাম হোসেন, বিপিএম (সেবা) এবং স্বতন্ত্র পরিচালক ড. মো. মোর্শেদ হাসান খান। বক্তারা সুশাসন, দায়িত্বশীল ব্যাংকিং, আর্থিক শৃঙ্খলা, গ্রাহকসেবা এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় ব্যাংকিং খাতের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

দুটি নতুন ঋণপণ্য উদ্বোধন
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের দুটি নতুন পণ্য—‘কমিউনিটি বাইক ঋণ’ ও ‘কমিউনিটি স্বপ্নের বাড়ি’—উদ্বোধন করা হয়।

বাংলাদেশ পুলিশের এএসআই থেকে ইন্সপেক্টর এবং সমমর্যাদার নিশ্চয়তাপ্রাপ্ত সদস্যদের জন্য চালু করা ‘কমিউনিটি বাইক ঋণ’-এর আওতায় মোটরসাইকেল কেনার ঋণসুবিধা দেওয়া হবে। অন্যদিকে ‘কমিউনিটি স্বপ্নের বাড়ি’ পণ্যটি নিজস্ব বাড়ি নির্মাণ বা কেনার জন্য আবাসন ঋণসুবিধা হিসেবে চালু করা হয়েছে।

ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, গ্রাহকের বাস্তব প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আর্থিক সেবা দেওয়ার লক্ষ্যেই নতুন দুটি পণ্য চালু করা হয়েছে।

সেরা গ্রাহক ও কর্মীদের পুরস্কার
অনুষ্ঠানে ব্যাংকের ব্যবসায়িক ও প্রাতিষ্ঠানিক সাফল্যের স্বীকৃতি হিসেবে তিনটি শ্রেণিতে পুরস্কার দেওয়া হয়। সেরা করপোরেট গ্রাহক, সেরা শাখা/উপশাখা এবং সেরা কর্মী হিসেবে নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (প্রশাসন) এ. কে. এম. আওলাদ হোসেন, বিপিএম, অ্যাডিশনাল আইজি (মানবসম্পদ ব্যবস্থাপনা) খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম, অ্যাডিশনাল আইজি (উন্নয়ন) সরদার নূরুল আমিন, বিপিএম (সেবা), অ্যাডিশনাল আইজি ও পুলিশ স্টাফ কলেজের রেক্টর কাজী মো. ফজলুল করিম, বিপিএম (সেবা), মহাপরিচালক, এসআরবি মো. আহসান হাবীব পলাশ, বিপিএম (সেবা), অ্যাডিশনাল আইজি, বিশেষ শাখা মো. কামরুল আহসানসহ বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ ছাড়া কমিউনিটি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক সৈয়দ রফিকুল হক, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ তফাজ্জুল হোসেন, এফসিএসহ ব্যাংকের গ্রাহক, করপোরেট ক্লায়েন্ট ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটি ব্যাংক প্রযুক্তিনির্ভর, গ্রাহককেন্দ্রিক, দায়িত্বশীল ও টেকসই ব্যাংকিংয়ের মাধ্যমে আগামী দিনের কার্যক্রম এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বিজ্ঞপ্তি