বাউবি
নজরুল বর্ষ উদযাপন। নয়া দিগন্ত

কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, আদর্শ ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নজরুল বর্ষ উদযাপনের গুরুত্ব তুলে ধরে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, ‘সংস্কৃতি কেবল গান-বাজনার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং একটি জাতির চিন্তা-চেতনা, মূল্যবোধ, আচরণ, ঐতিহ্য ও জীবনবোধের সামগ্রিক প্রকাশ। সংস্কৃতিকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে নিজস্ব বৈশিষ্ট্যে বিকশিত করতে হবে।’

Advertisement

সোমবার (৯ নভেম্বর) সকালে গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মূল ক্যাম্পাসে ‘নজরুল বর্ষ উদযাপন’ উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘১৯৯২ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে প্রতিষ্ঠিত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রচলিত শিক্ষাব্যবস্থার সীমাবদ্ধতার বাইরে সমাজের সর্বস্তরের মানুষের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করেছে। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে তিন লক্ষাধিক শিক্ষার্থী শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছেন।’ 
দেশের সংস্কৃতির অবক্ষয় ও অবহেলার কথা উল্লেখ করে তিনি সুস্থ, মানবিক ও জীবনমুখী সংস্কৃতি গড়ে তুলতে আগামী ডিসেম্বর থেকে জাতীয় সংস্কৃতি উৎসব আয়োজনের কথা জানান। এ উদ্যোগ বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সভাপতির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘কাজী নজরুল ইসলামের শিক্ষাদর্শন ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার মূল ভাবনার মধ্যে গভীর সাদৃশ্য রয়েছে। নজরুলের শিক্ষা-চিন্তা ছিল প্রথাগত শিক্ষাপ্রতিষ্ঠানের গণ্ডি পেরিয়ে জীবনব্যাপী ও সর্বজনীন শিক্ষার সুযোগ নিশ্চিত করা। বাউবি দেশের দ্বিতীয় বৃহত্তম শিক্ষার্থীসংখ্যার বিশ্ববিদ্যালয় হিসেবে দেশের পাশাপাশি সাতটি দেশেও শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।’ 

নজরুল বর্ষ উদযাপনের মাধ্যমে জাতীয় কবির জীবন, সাহিত্য ও আদর্শ নতুন প্রজন্মের কাছে নতুনভাবে তুলে ধরার প্রয়াস অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে ‘কাজী নজরুল ইসলামের শিক্ষা-দর্শন ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আদিভাবনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য ও নজরুল গবেষক মো: জেহাদ উদ্দিন। তিনি নজরুলের সাম্য, মানবমুক্তি, নারীশিক্ষা, অসাম্প্রদায়িকতা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দর্শন তুলে ধরে বলেন, ‘নজরুলের কাছে শিক্ষার উদ্দেশ্য ছিল প্রকৃত মানুষ তৈরি করা, কেবল চাকরিপ্রার্থী বা সনদধারী তৈরি করা নয়। সবার জন্য জীবনব্যাপী শিক্ষার যে দর্শন নজরুল ধারণ করতেন, তার সঙ্গে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল ভাবনার গভীর মিল রয়েছে।’ 

এ কারণে কাজী নজরুল ইসলামকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ধারণার আদি দার্শনিক রূপকার হিসেবে অভিহিত করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাউবির প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলাম ও ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন আয়োজন কমিটির আহ্বায়ক ও এসএসএইচএল ডিন অধ্যাপক তানভীর আহসান।

আলোচনা সভা শেষে গান, কবিতা আবৃত্তি ও অভিনয় প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।