
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত অবশিষ্ট ৮১৭ প্রার্থীর নিয়োগ সংক্রান্ত ‘ভেরিফিকেশন’ ও তথ্য যাচাই-বাছাইয়ের কাজ চলছে এবং এই কাজ পহেলা অক্টোবরের মধ্যে সম্পন্ন হবে। এরপর তাদের সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হবে। অর্থাৎ কতজন নিয়োগের জন্য বিবেচিত হবেন, তা যাচাই শেষে চূড়ান্ত হবে।
আজ সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রার্থীদের ভেরিফিকেশন বা যাচাই-বাছাই বিভিন্ন পর্যায়ে রয়েছে এবং ওই সময়ের মধ্যে কোনোটি অমীমাংসিত থাকলে সঠিক সংখ্যা জানা যাবে।’
তিনি বলেন, নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ প্রার্থীর মধ্যে ১৩ হাজার ৮৫৪ জন চূড়ান্ত আবেদন জমা দিয়েছেন আর ৫৩০ জন দেননি।
উল্লেখ্য, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত ফলাফল গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত হয়। সেখানে ১৪ হাজার ৩৮৪ প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। তিন পার্বত্য জেলা বাদে মোট ৬১টি জেলায় ৯ জানুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।








