গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)
গোবিপ্রবি ছাত্র অধিকার পরিষদ কর্তৃক নবীনবরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নুরুল হক নুর নয়া দিগন্ত

‘আমাদের ধারণা ছিল, গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় আসলেই অনেক উন্নত। এখানে এসে দেখতে পেলাম, শিক্ষার্থীদের জন্য একটি অডিটোরিয়াম নেই, টিএসসি নেই, অ্যাকাডেমিক ভবন মাত্র একটি। বলা যায়, শিক্ষার্থীদের জন্য তেমন কিছুই হয়নি’—মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: নুরুল হক নুর।

বুধবার (২৩ সেপ্টেম্বর) গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ছাত্র অধিকার পরিষদ কর্তৃক ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘গোপালগঞ্জ শিল্প, সংস্কৃতি ও সাহিত্যের জন্য বিখ্যাত। এই গোপালগঞ্জ কিছু আলোচিত ও স্বনামধন্য মানুষের জন্য বিখ্যাত। যেমন—শামসুল হক ফরিদপুরী থেকে শুরু করে সাংবাদিক নির্মল সেন ও সুকান্ত ভট্টাচার্যসহ একাত্তরের বিপ্লবী নেতা শেখ মুজিবুর রহমানের জন্মস্থানও এই গোপালগঞ্জে।’

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে নুরুল হক নুর বলেন, ‘বিশ্ববিদ্যালয় নিজেকে বিকশিত করার জায়গা। এখানে অবাধ স্বাধীনতা রয়েছে। শিক্ষার্থীরা কে কোন পথে যেতে চান, সেটি গুরুত্বপূর্ণ। কেননা খেলাধুলা, উচ্চশিক্ষা গ্রহণ, সরকারি চাকরি করা, ক্যারিয়ার গড়াসহ এমন অসংখ্য পথে নিজেকে তৈরি করার জন্য শিক্ষার্থীদের নিজে থেকেই সিদ্ধান্ত নিতে হবে। আমার প্রত্যাশা, শিক্ষার্থীরা যেন পরিবারের দুর্ভোগের কারণ না হন।’