নিহত কৃষক দল নেতা রাজু মোল্লা ও অ্যাডভোকেট রুহুল কবির রিজভী
নিহত কৃষক দল নেতা রাজু মোল্লা ও অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। একইসাথে তিনি এটিকে পৈশাচিক, নৃশংস, মর্মান্তিক ও কাপুরুষোচিত ঘটনা বলে উল্লেখ করেছেন।

Advertisement

বুধবার (১৮ নভেম্বর) এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘খুন-খারাবীর মাধ্যমে দেশের মধ্যে অশান্তি ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে একটি গোষ্ঠী সর্বদা সক্রিয় রয়েছে। দৈহিক নির্যাতনে রাজু মোল্লাকে হত্যার ঘটনা সেটিরই ধারাবাহিকতা। খুন-জখমের মাধ্যমে দেশের ভেতর অস্থিতিশীলতা সৃষ্টিকারী সন্ত্রাসীদের কঠোর হস্তে দমনের কোনো বিকল্প নেই। সরকারসহ দেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে যেকোনো মূল্যে সন্ত্রাসীদের রুখে দিতে হবে।’

আরো পড়ুন : বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর প্রচার, যা বলল বিএনপি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বিবৃতিতে রাজু মোল্লাকে হত্যাকারী চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। তিনি রাজু মোল্লার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

একইসাথে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

এক বিবৃতিতে নেতৃদ্বয় রাজু মোল্লাকে হত্যাকারী চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। তারা রাজু মোল্লার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।