কম্পিউটার প্রশিক্ষণ, ইসলামিক ফাউন্ডেশন, মাদরাসা শিক্ষার্থী
মাদরাসাছাত্র ও ইমাম-হাফেজদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ দেবে ইসলামিক ফাউন্ডেশন। প্রতীকী ছবি

ইমাম, হাফেজ, মাদরাসাছাত্র ও বেকার যুবকদের জন্য দুই মাসব্যাপী ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) ইমাম প্রশিক্ষণ একাডেমি। 

Advertisement

বৃহস্পতিবার সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৬-২০২৭ অর্থবছরের এ প্রশিক্ষণ দেশের আটটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

আগামী ১৫ নভেম্বর থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, দিনাজপুর ও গোপালগঞ্জ কেন্দ্রে এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে।

প্রশিক্ষণে কম্পিউটারের মৌলিক বিষয়, বাংলা ও ইংরেজি টাইপিং, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং, ই-মেইল ব্যবহার, কম্পিউটারের ত্রুটি নির্ণয় ও সমস্যা সমাধানের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের আগামী ১১ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট প্রশিক্ষণকেন্দ্রে নিজ হাতে লিখিত আবেদন জমা দিতে হবে। ১২ নভেম্বর ইমাম প্রশিক্ষণ একাডেমিতে প্রার্থীদের বাছাই ও ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।

আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম দাখিল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। উচ্চতর শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

আবেদনের সাথে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি এবং এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে। ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনারের এবং মাদরাসাছাত্রদের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের দেয়া ইমামতি বা অধ্যয়নের প্রমাণপত্রের সত্যায়িত অনুলিপিও জমা দিতে হবে।

কোর্সের জন্য কোনো প্রশিক্ষণ ফি নেয়া হবে না। তবে মনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে। এ ছাড়া ভর্তির সময় এক হাজার টাকা জামানত জমা দিতে হবে, যা সফলভাবে কোর্স সম্পন্ন করার পর সনদের সাথে ফেরত দেয়া হবে। প্রশিক্ষণকেন্দ্রে যাতায়াতের জন্য কোনো ভ্রমণ বা দৈনিক ভাতা দেয়া হবে না।

কোর্স সফলভাবে সম্পন্নকারীদের ইমাম প্রশিক্ষণ একাডেমি, ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সনদপত্র দেয়া হবে।

আরো পড়ুন—মেসিকে হারিয়ে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জিতলেন রোনালদো, কী পুরস্কার এটি?