তেল-কুপ-জ্বালানি-দাম-সৌদি-এশিয়া
তেলের কুপ ছবি: আনদোলু

এশিয়ার ক্রেতাদের জন্য সৌদি আরব বাড়তি অপরিশোধিত তেল সরবরাহের উদ্যোগ নেয়ায় মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্ন নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। এর প্রভাবে বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে।

তুরস্কের বার্তা সংস্থা আনদোলু (১৭ আগস্ট) জানিয়েছে, ওমানের মাধ্যমে এশিয়ার ক্রেতাদের কাছে সৌদি তেলের সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। ওমানের সোহর বন্দর উপকূলে জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের মাধ্যমে এশিয়ার শোধনাগারগুলোকে অতিরিক্ত তেল দেয়া হচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে হামলার কারণে সরবরাহে যে ঘাটতি তৈরি হয়েছে, বাড়তি এই তেল সরবরাহ তার কিছুটা পূরণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওই পাইপলাইন দিয়ে সৌদি আরবের অপরিশোধিত তেল লোহিত সাগরের ইয়ানবু বন্দরে নেয়া হয়।

হামলার পর ইয়ানবু বন্দর থেকে তেল সরবরাহ বন্ধ হয়ে গেলে চলতি সপ্তাহের শুরুতে তেলের দাম প্রায় চার মাসের সর্বোচ্চ পর্যায়ে উঠে গিয়েছিল। তবে সৌদি আরবের নতুন সরবরাহের উদ্যোগে বাজারে সরবরাহ-সংকটের উদ্বেগ কিছুটা কমেছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টা ৫৪ মিনিটে (গ্রিনিচ মান সময় ৬টা ৫৪ মিনিট, বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫৪ মিনিটে) নভেম্বর সরবরাহের জন্য আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৭৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ৯৯ ডলারে নেমে আসে। আগের দিন এর দাম ছিল ১০৫ দশমিক ৮৩ ডলার।

অন্যদিকে, অক্টোবর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৬৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০০ দশমিক ৭৫ ডলারে দাঁড়ায়। আগের দিন দাম ছিল ১০২ দশমিক ৪৩ ডলার।

তবে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখনো উচ্চপর্যায়ে রয়েছে। যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় হরমুজ প্রণালী ও বাব আল-মানদেব দিয়ে তেল পরিবহন এখনো অনেক কম।

তেলের দামে আরেকটি চাপ তৈরি করেছে শক্তিশালী মার্কিন ডলার। ফেডারেল রিজার্ভ সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৪ শতাংশ করেছে এবং কঠোর মুদ্রানীতির ইঙ্গিত দিয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রে বাণিজ্যিক অপরিশোধিত তেলের মজুদ টানা তৃতীয় সপ্তাহে কমেছে। তবে মজুদ কমার পরিমাণ ছিল ৬ লাখ ব্যারেল, যা বাজারের ১৬ লাখ ব্যারেল কমার প্রত্যাশার তুলনায় অনেক কম।