এআই, সরবরাহ,ব্যবস্থা, নিরাপত্তা, চুক্তি, যুক্তরাষ্ট্র,
প্রতীকী ছবি। সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও সরবরাহব্যবস্থার নিরাপত্তা জোরদারে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ও নয়টি অংশীদার দেশ। রোববার দেশগুলো এ চুক্তিতে সই করে।

Advertisement

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, চুক্তিতে সই করা অন্য দেশগুলো হলো অস্ট্রেলিয়া, ভারত, ইসরাইল, জাপান, দক্ষিণ কোরিয়া, কাতার, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্য। সান ফ্রান্সিসকো ঘোষণাপত্র নামে পরিচিত এ চুক্তির লক্ষ্য উন্নত এআই তৈরির জন্য প্রয়োজনীয় সংবেদনশীল প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষিত রাখা।

তুরস্কের বার্তা সংস্থা আনদুলু সোমবার(১৬ নভেম্বর) আরো জানায়, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ‘প্যাক্স সিলিকা’ উদ্যোগের আওতায় এ চুক্তি হয়েছে। এর মধ্যে রয়েছে পরিবহন নেটওয়ার্ক, ডিজিটাল প্ল্যাটফর্ম, জ্বালানি অবকাঠামো ও পণ্য পরিবহনব্যবস্থার নিরাপত্তা। 

ঘোষণাপত্রে বলা হয়েছে, অর্থনৈতিক নিরাপত্তা জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ ভিত্তি। তাই সরবরাহের জন্য এক বা অল্প কয়েকটি উৎসের ওপর অতিরিক্ত নির্ভরতা কমাতে হবে। এ ছাড়া উদ্ভাবননীতি, এআইয়ের ব্যবহার, সরবরাহব্যবস্থায় সহযোগিতা ও নিরাপত্তা নিয়ে কাজ করতে কয়েকটি কর্মগোষ্ঠী গঠনে সম্মত হয়েছে দেশগুলো।

সুপার ইন্টেলিজেন্স বা অতি বুদ্ধিমান এআইয়ের যুগের কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, ‘কোনো দেশ একা এই যুগের ভিত্তি সুরক্ষিত রাখতে পারবে না।’