
নীলফামারীর ডোমারে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় ওমর ফারুক (৮) নামে এক শিশু নিহত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের কাজীরহাট মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক ওই কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সে চান্দখানা এলাকার কলোনীপাড়ার বাসিন্দা মনিরুজ্জামান নুরির ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্কুলে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা শিশুটিকে ধাক্কা দেয়। এতে তার মাথা ও বুকে গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পর অটোরিকশাটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে শিশুটিকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাজীরহাট মাইলস্টোন কিন্ডারগার্টেনের পরিচালক জাহাঙ্গীর আলম জানান, তিনি তখন কিন্ডারগার্টেনের ভেতরে ছিলেন। মানুষের ভিড় দেখে বাইরে এসে জানতে পারেন, স্কুলে আসার পথে রাস্তা পার হওয়ার সময় তার কিন্ডারগার্টেনের শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হয়েছে। পরে তিনি দ্রুত শিশুটিকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ডোমার থানার ওসি ফেরদৌস আলম জানান, খবর পেয়ে ডোমার থানার এসআই সাহেব আলীকে ঘটনাস্থলে পাঠানো হয়। তিনি সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








