আগুন, দোকান, ক্ষতি, সেলুন, জ্বালানি তেল, গ্যাস সিলিন্ডার, নির্মাণসামগ্রী, ব্যবসাপ্রতিষ্ঠান, ফায়ার সার্ভিস, পুলিশ
আগুনের দৃশ্য। নয়া দিগন্ত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আগুনে ১২টি দোকান পুড়ে ভস্মীভূত গেছে। এতে প্রায় আট কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

Advertisement

শনিবার (১৪ নভেম্বর) ভোর ৪টা ১০ মিনিটের দিকে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ দক্ষিণ বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে জ্বালানি তেল, গ্যাস সিলিন্ডার, নির্মাণসামগ্রী ও টিনের দোকান, সেলুন ও স্টুডিওসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। আগুন মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ায় দোকানগুলোর ভেতরে থাকা মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

খবর পেয়ে বুড়িচং ও কুমিল্লা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে ফায়ার সার্ভিসকে সার্বিক সহযোগিতা করে সাহেবাবাদ ডিগ্রি কলেজের স্কাউট দল।

কুমিল্লা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইকবাল হোসেন জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ব্রাহ্মণপাড়া থানার ওসি মো: ফারুক হোসেন বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’

ঘটনাস্থল পরিদর্শন করে ব্রাহ্মণপাড়ার ইউএনও মুন্নী ইসলাম জানান, খবর পাওয়ার সাথে সাথেই তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসীর সাথে সমন্বয় করে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। এ দুর্ঘটনায় ১০ থেকে ১২টি দোকান পুড়ে যাওয়ার পাশাপাশি কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মিজানুর রহমান আতেকী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ করে তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তিনি তাদের প্রতি সমবেদনা জানান এবং এ কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক চৌধুরী, বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

স্থানীয় ব্যবসায়ীরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের যথাযথ সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।