
রংপুরে বালু বোঝাই ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসত ঘরে ঢুকে পড়েছে। এতে ট্রাকচাপায় তাসলিমা আক্তার সিমথি (১১) নামে এক শিশু নিহত হয়। এ ঘটনায় শিশুটির গর্ভবতী মা আয়েশা বেগম গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৩টার দিকে নগরীর বোতলা সড়কের খাসবাগ চারমাথা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু তাসলিমা আক্তার স্থানীয় নূরানী তালিমুল কোরআন মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্রী। আহত আয়েশা বেগমকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মিলন ভট্টাচার্য জানান, নগরীর বোতলা সড়কের খাসবাগ চারমাথা মোড়ে বালু ভর্তি ড্রাম ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পিন্টু মিয়ার বাড়িতে ঢুকে পড়ে। এ সময় আধা পাকা ঘরে ঘুমন্ত ওই শিশু ট্রাকের চাপায় মারা যায়। এ ঘটনায় গুরুতর আহত আয়েশা বেগমকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি গর্ভবতী ছিলেন। জরুরি ভিত্তিতে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন।
এ ঘটনায় এলাকাবাসী চালক মেহেদী হাসান ও চালকের সহকারী শ্রাবণ মিয়াকে আটক করে রেখেছে।
স্থানীয়রা জানায়, রাত যতো গভীর হয় রংপুর মহানগরীর আনাচে-কানাচের সকল সড়কে বালুবোঝাই ড্রাম ট্রাকের আনাগোনা বাড়তে থাকে। দিন হলে আবার এসব কম দেখা যায়। একটি সঙ্ঘবদ্ধ চক্র অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে পুরো নগরীর নিরাপত্তা বিঘ্নিত করছে বলেও জানায় স্থানীয়রা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








