
রাজধানীর ব্যস্ততম মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা ‘প্রাইম’ পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) শেরপুর থেকে যাত্রী নিয়ে বাসটি মহাখালী বাস টার্মিনালে পৌঁছায়। টার্মিনালে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই বাসের এসি (শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র) থেকে হঠাৎ ধোঁয়া ও আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ার উপক্রম হয়।
দুপুর ১টা ৩২ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে রওনা হয়ে দুপুর ১টা ৪০ মিনিটে টার্মিনালে পৌঁছায় এবং অগ্নিনির্বাপণ কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় দুপুর ১টা ৪৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং পরে দুপুর ২টা ২ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে (এসি) বৈদ্যুতিক গোলযোগের কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার সময় বাসে যাত্রী কম থাকা অথবা দ্রুত নেমে যাওয়ার কারণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি ঘটেনি।
ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহাখালী বাস টার্মিনালে প্রাইম পরিবহনের একটি এসি বাসে আগুন লাগার খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ও নির্বাপণ করে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








