
মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও সম্ভাবনার কথা শুনতে দুই দিনের সফরে এসে একাধিক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

সফরের অংশ হিসেবে প্রথমত তিনি দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর রাজধানী মালের বৃহত্তর এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশী এবং মাফুশি দ্বীপে কর্মরত প্রবাসীদের সাথেও পৃথক পৃথক মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
এসব মতবিনিময় সভায় প্রবাসীরা মালদ্বীপে তাদের কর্মজীবন, দৈনন্দিন জীবনযাপন, সুযোগ-সুবিধা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং কর্মক্ষেত্রে তাদের বিভিন্ন চ্যালেঞ্জ, প্রবাসীদের কল্যাণ ও দেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে বিদ্যমান জটিলতা নিয়েও আলোচনা হয়।
বিশেষ করে মালদ্বীপ থেকে বাংলাদেশে সহজ, নিরাপদ ও আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান প্রবাসীরা। পাশাপাশি দেশটিতে বাংলাদেশী যেকোনো একটি ব্যাংকের শাখা স্থাপনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারা।
এ অনুষ্ঠানগুলোতে প্রবাসীদের বক্তব্য শুনে এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার পাশাপাশি প্রবাসীদের উত্থাপিত সমস্যাগুলো দেশে গিয়ে জাতীয় সংসদেও উপস্থাপন করার কথা জানান তিনি।
দুই দিনের এ সফরের শেষ মুহূর্তে বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে রাজধানী মালের সি-বিল্ডিংয়ের হলরুমে বাংলাদেশ ফোরাম মালদ্বীপের উদ্যোগে অধ্যাপক মুজিবুর রহমানকে সংবর্ধনা দেয়া হয়।
এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা: মোবারক হোসেন।
এ ছাড়া বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সভাপতি ডা: এইচ এম সোহেল ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনসহ সংগঠনটির দায়িত্বশীল ব্যক্তি ও সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অধ্যাপক মুজিবুর রহমান ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির হিসেবেও দায়িত্ব পালন করছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








