মালদ্বীপে স্ট্রোক করে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু, মো: শরিফ হোসেন
মো: শরিফ হোসেন নয়া দিগন্ত

মালদ্বীপে রাস্তায় হাঁটার সময় হঠাৎ স্ট্রোক করে ৪২ বছর বয়সী মো: শরিফ হোসেন নামের এক প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন।

শরিফ হোসেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুরের মোফাজ্জল সোয়ালের ছেলে।

হাইকমিশন জানায়, মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী মালের পার্শ্ববর্তী হুলহুমালে শহরে রাস্তায় হাঁটার সময় হঠাৎ অসুস্থ (স্ট্রোক) হয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।

একইসাথে প্রবাসী মো: শরিফ হোসেনের লাশ দেশে পাঠানোর লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানায় হাইকমিশন।

শরিফের স্ত্রী হাবিবা আক্তার জানান, বিভিন্নজনের কাছ থেকে ধারদেনা ও ঋণ করে ১১ মাস আগে মালদ্বীপে পাড়ি জমিয়েছেন মো: শরিফ হোসেন। সেখানে গিয়ে নতুন কর্মজীবন শুরু করে পরিবারের আর্থিক সঙ্কট দূর করার স্বপ্ন ছিল তার।

লাশ দ্রুত দেশে পাঠানোর জন্য সরকার ও বাংলাদেশ হাইকমিশনের জরুরি সহযোগিতা কামনা করেন তিনি।