মালয়েশিয়ায় মাটিচাপায় বাংলাদেশী যুবকের মৃত্যু

মাত্র এক সপ্তাহ আগেও শরিফুলের সাথে হাসিমুখে কথা হয়েছিল। তখন তিনি বলেছিলেন, আগামী ডিসেম্বরে দেশে ফিরে বিয়ে করব।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
নিহত মালয়েশিয়াপ্রবাসী মো: শরিফুল ইসলাম ফকির
নিহত মালয়েশিয়াপ্রবাসী মো: শরিফুল ইসলাম ফকির |নয়া দিগন্ত

মালয়েশিয়ায় কর্মস্থলে মাটিচাপা পড়ে মো: শরিফুল ইসলাম ফকির নামে এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) কাজের সময় হঠাৎ মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

নিহত মো: শরিফুল ইসলাম ফকির গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নের মধ্যেপাড়া এলাকার মো: নজরুল ইসলাম ফকিরের ছেলে। জীবিকার তাগিদে প্রায় তিন বছর আগে তিনি মালয়েশিয়ায় পাড়ি জমান।

স্বজনরা জানান, মাত্র এক সপ্তাহ আগেও শরিফুলের সাথে হাসিমুখে কথা হয়েছিল। তখন তিনি বলেছিলেন, আগামী ডিসেম্বরে দেশে ফিরে বিয়ে করব। দেশে ফিরে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। ডিসেম্বরে বিয়ের বদলে তার লাশ দেশে ফেরার অপেক্ষায় এখন পরিবার।

শরিফুলের মেজো ভাই মাত্র সাত বছর বয়সে মারা যায়। বড় ভাইও প্রতিবন্ধী। ফলে পরিবারের একমাত্র উপার্জনের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন শরিফুল। পরিবারের স্বচ্ছলতার আশায় প্রবাসে গিয়েছিলেন তিনি।

পরপর দুই সন্তান হারানোর এই পাহাড়সম শোক এখন বইতে হচ্ছে শরিফুলের বৃদ্ধ বাবা মো: নজরুল ইসলাম ফকিরকে। একদিকে ছোটবেলায় এক সন্তানকে হারানোর বেদনা, অন্যদিকে প্রতিবন্ধী সন্তানকে নিয়ে দীর্ঘদিনের সংগ্রাম— এর মধ্যে পরিবারের একমাত্র কর্মক্ষম ছেলেকেও হারিয়ে যেন নিঃস্ব হয়ে পড়েছেন তিনি।